একাদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকা বিএনপি তাদের রাজনৈতিক ভুলগুলো চিহ্নিত করছে। পাশাপাশি এই মুহূর্তে কোনো কঠোর আন্দোলনে না গিয়ে সরকারের ভবিষ্যৎ কৌশল মোকাবিলার সক্ষমতা অর্জনেই জোর দিচ্ছে দলটি। এর অংশ হিসেবে দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন মহানগর সংগঠনকে পুনর্গঠনে গুরুত্ব দেয়া হবে। একইসঙ্গে নির্বাচনের আগে ও নির্বাচনী সহিংসতায় যেসব নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো, কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্ত করা প্রাথমিক কাজ হিসেবে চিহ্নিত করেছে দলটি। পরবর্তীতে পর্যায়ক্রমে জনমত সৃষ্টির জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সংলাপ ও ২০ দল এবং জাতীয় ঐক্যফ্রন্টের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে পাশে টানার চেষ্টা করবেন তারা। এই লক্ষ্যে তারা বাম গণতান্ত্রিক জোট, বামফ্রন্ট, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সরকারের বাইরে থাকা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে চায়।
বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা মানবজমিনকে জানান, সরকার কারচুপি করবে- এটা সবার ধারণা ছিল। সেই কারচুপি মোকাবিলায় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টও কিছু কৌশল গ্রহণ করেছিল। কিন্তু সরকার এতটা বেসামাল হয়ে কাউকে ভোট কেন্দ্রে যেতে দেবে না, প্রার্থীদের ওপর হামলা ও প্রশাসনকে ব্যবহার করে এমন জালিয়াতি করবে- সেটা ভাবনায়ও নেননি তারা।সূত্র মানবজমিন

