চিন-মালয়েশিয়া যৌথ প্রকল্প ‘ইস্ট কোস্ট রেল লিঙ্ক’ থেকে বেরিয়ে গেল কুয়ালালামপুর,কারন ঋণের ফাঁস

চিনা বিনিয়োগে তৈরি হতে থাকা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল প্রকল্প বাতিল করল মালয়েশিয়া। প্রকল্পের খরচ মাত্রাতিরিক্ত বেশি, এই যুক্তি দেখিয়েই  চিন-মালয়েশিয়া যৌথ প্রকল্প ‘ইস্ট কোস্ট রেল লিঙ্ক’ থেকে বেরিয়ে গেল কুয়ালালামপুর। এই প্রকল্পের খরচ ছিল ১৯ বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমান প্রায় এক লক্ষ ৩৫ হাজার কোটি টাকা। মালয়েশিয়া এই প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ায় নিশ্চিত ভাবেই ধাক্কা খেল চিন। কারণ, ‘ইস্ট কোস্ট রেল লিঙ্ক’ চিনের গুরুত্বপূর্ণ ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

শনিবারই মালয়েশিয়ার অর্থমন্ত্রী আজমিন আলি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রকল্পের খরচ অত্যন্ত বেশি হওয়ার পাশাপাশি চড়া চিনা সুদের কারণেই মালয়েশিয়া এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল বলে জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘দেশের পূর্ব এবং পশ্চিম উপকূল জোড়ার জন্য এই রেলপথ বানাতে যা খরচ হবে, তা দেওয়ার মতো আর্থিক সামর্থ্য আমাদের নেই। এই প্রকল্প থেকে বেরিয়ে না গেলে শুধু সুদ হিসেবেই প্রতি বছর চিনকে দিতে হবে ৫০০ মিলিয়ন রিঙ্গিত। দু’দিন আগেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ’’

৫০০ মিলিয়ন রিঙ্গিত অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৬০ কোটি টাকা। চিনা বিনিয়োগে এই রেল প্রকল্প তৈরি হচ্ছে বলে সুদ হিসেবে এই বিপুল পরিমাণ টাকা বেজিংকে দিতে বাধ্য কুয়ালালামপুর। সেই ঋণের ফাঁস থেকে মুক্তি পেতেই চিনকে ‘না’ বলল মালয়েশিয়া, এমনটাই জানানো হচ্ছে সরকারি ভাবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.