ঐক্য ফ্রন্ট বি এন পি র মনোনয়ন নিয়ে বৈঠক চলছে, আজ রাতেই চূড়ান্ত হবে

আজ শুক্রবার বিকেলে বিএনপির নিজেদের দলীয় প্রার্থী ঘোষণা করে। তারা ২০৬ জনকে চূড়ান্ত করেছে। বাকি ৯৪টি আসন জোটের শরিক ও আপিলের শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়াদের জন্য রাখা হয়েছে। আগামীকাল শনিবার বিএনপির সব আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করার কথা।
বিএনপি এবার ২০ দল ও নব-গঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টকে নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে। আগামী ৯ ডিসেম্বর রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির সঙ্গে শরিকদের বৈঠক চলছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে বেইলি রোডে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের বাসায় যান। এ জোটের একটি সূত্র জানায়, বৈঠকে গণফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। অন্য শরিকদের আসন ‘আপাতত’ সমঝোতা হলেও গণফোরামের সঙ্গে দর-কষাকষি এখনো চলছে। কামাল হোসেনের বাসার বৈঠকটি বেশিক্ষণ হয়নি। রাতেই বিএনপির গুলশান অফিসে সুব্রত চৌধুরী, মোস্তাফা মহসীন মন্টু ও সুলতান মনসুরের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা আবারও বৈঠকে বসেছেন। এ ছাড়া আলাদা আলাদাভাবেও দলগুলোর সঙ্গে কথা বলছেন বিএনপির নেতারা

জোটের বিভিন্ন সূত্রে জানা যায়, বিএনপি থেকে গণফোরামকে ৬ টি, নাগরিক ঐক্যকে ৪ টি, জেএসডিকে ৩টি ও কৃষক শ্রমিক জনতা লীগকে ২টি দেওয়ার আলোচনা হয়েছে। কিন্তু গণফোরাম আরও কয়েকটি আসন চায়। গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ঢাকা-ও আসন থেকে মনোনয়ন নিয়েছেন। একই আসনে বিএনপির নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন মনোনয়ন নেন। কিন্তু তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন তিনি। আগামীকাল শনিবার তাঁর আপিলের শুনানি রয়েছে। এ আসনটি নিয়ে গণফোরামের সঙ্গে দর-কষাকষি চলছে। নাগরিক ঐক্যকে যে আসনগুলোতে দিতে চাচ্ছে সেগুলো নিয়ে তারা সন্তুষ্ট নয়। এ ছাড়া জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগও আরও কয়েকটি আসন চায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.