আওয়ামী লীগ এলে জনগণের কল্যাণ হয়, জনগণের জীবনমানের উন্নয়ন হয়ঃ প্রধানমন্ত্রী

‘আওয়ামী লীগ সরকারে থাকলে জনগণের কল্যাণ হয়, দেশের উন্নয়ন হয়। এই কল্যাণ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।’আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেছেন।

তিনি বলেন, ‘নৌকা মানুষের বিপদের বন্ধু। হজরত নূহ (আ.) এর নৌকা বিপন্ন মানুষকে যেভাবে সহযোগিতার জন্য এগিয়ে এসেছিল সেভাবে আওয়ামী লীগের নৌকা মানুষের বিপদে এগিয়ে এসেছে।’

শনিবার বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিএনপি-জামায়াতের রাজনৈতিক আদর্শ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে বিএনপি-জামায়াত জীবন্ত মানুষকে আগুন দিয়ে দিয়ে পুড়িয়ে মেরেছে। এরা মানুষ পুড়িয়ে মারা ছাড়া আর কিছু পারে না।’

শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতি, এতিমের টাকা চুরি করায় বিএনপি চেয়াপারসন আজ সাজাপ্রাপ্ত। তার বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ দেয়নি। খালেদা জিয়ার পছন্দের সেনাপ্রধান, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এই মামলা দিয়েছিল। সেই মামলায় তার সাজা হয়েছে।’

‘এছাড়া তার বড় ছেলে তারেক জিয়া অস্ত্র মামলা, বোমা হামলা মামলা, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। এই সাজাপ্রাপ্ত আসামি বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘২১ বছর পর ক্ষমতায় আসি। এসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করি। কিন্তু ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসে বিএনপি। তারা ক্ষমতায় এসে গুম-খুন-হত্যার রাজনীতি শুরু করে। দেশকে তারা জঙ্গিবাদের দেশ, গুম-খুনের দেশ হিসেবে পরিচয় করিয়ে দেয়। এরপর ২০০৮ সালে দুই মেয়াদে ক্ষমতায় এসে শিক্ষার হার বৃদ্ধি করেছি, বিদ্যুৎ উৎপাদন করেছি।’

‘আওয়ামী লীগ এলে জনগণের কল্যাণ হয়। জনগণের জীবনমানের উন্নয়ন হয়।’

শেখ হাসিনা বলেন, ‘তারুণ্য শক্তি, তরুণরাই আনবে বাংলাদেশের সমৃদ্ধি। তরুণদের মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ উন্নতির শিখরে পৌছে যাবে। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।’

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.