জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা না করার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনার নেতৃত্বে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, হতে পারে না উল্লেখ করে মান্না বলেন, ‘৭ দফার ওপর বারবার সংলাপ হওয়া প্রয়োজন। এর সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না। ’
তিনি আরও বলেন, ‘দু-তিনটি বিষয় আছে যেগুলো নিয়ে সংবিধানে আলোচনা করার দরকার হতে পারে। সেই আলোচনা করতে হবে, বিষয়টি নিষ্পত্তি করতে হবে। যদি আজ না পারেন, তাহলে কাল বা পরশুদিন বসি। যত তাড়াতাড়ি সম্ভব সব বিষয়ে আলোচনা করে এই ৭ দফার ওপর নিষ্পত্তি করা হোক। ততক্ষণ পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না। ’
সভায় জাতীয় ঐক্যফ্রন্টের কারণে দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা থামাতে সরকার প্রহসনের সংলাপের আয়োজন করেছে বলেও মন্তব্য করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। তিনি বলেন, সংলাপ থেকে কোনো কিছুই অর্জিত হয়নি।
ঢাকা ও রাজশাহীতে কোথাও জনসভা করার অনুমতি দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন মাহমুদুর রহমান মান্না।

