রায়কে অগ্রাহ্য, উপেক্ষা করে,জাতীয় ঐক্যের আন্দোলন চলবে- মওদুদ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে, জাতীয় ঐক্যের আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, আমরা যে জাতীয় ঐক্য প্রক্রিয়া করতে যাচ্ছি, এটাকে ব্যহত করা হবে। আমি বলবো, এই রায়কে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে, উপেক্ষা করে, এই রায়কে কোনও গুরুত্ব না দিয়ে আমাদের জাতীয় ঐক্যের আন্দোলন চলবে।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার একটাই পথ আছে, সেটা হলো রাজপথ। রাজপথ ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না। এখন আপনারা প্রস্তুতি নেন, সময় এসে গেছে । মাঠে নেমে এই দাবি আদায় করতে হবে।

মওদুদ বলেন, খুব শিগগিরই আমরা এটার একটা রূপরেখা দিবো এবং এই আন্দোলনের একটা কাঠামো ঘোষণা করবো। এরপর জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে এই সরকারের পতনের ব্যবস্থা করবো। এই সরকার বাধ্য হবে সংলাপে আসতে।

২১ আগস্টের গ্রেনেড হামলার রায় সর্ম্পকে তিনি বলেন, মামলায় যিনি সম্পৃক্ত ছিলেন না তাকে আজকে জড়িয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চায় সরকার। প্রথম চার্জশিটে তার (তারেক রহমানের) নাম ছিল না, মুফতি হান্নানের স্বীকারোক্তি, এফবিআইয়ের রিপোর্ট এমনকি ইন্টারপোলের রিপোর্টে তার নাম ছিল না।

তারপরে এই সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে আবার নতুন করে একটা বিতর্কিত ব্যক্তিকে দিয়ে নতুন করে তদন্ত শুরু করে এবং অকথ্য অত্যাচার করে এই মুফতি হান্নানের কাছ থেকে জোর করে তারেক রহমানের নাম উচ্চারণ করিয়েছিল। মুফতি হান্নান আদালতে বলেছে তার কাছ থেকে জোর করে তারেক রহমান উচ্চারণ করানো হয়েছে। সে তারেক রহমানকে চেনেও না। কোনদিন সাক্ষাৎ পায়নি তার।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান খান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.