ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ে চলমান বিক্ষোভের মধ্যে নিরাপত্তা জোরদার করেছে সরকার। নতুন করে সহিংসতা ও লুটপাটের আশঙ্কায় প্যারিসের কিছু এলাকায় আংশিক কারফিউ সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েনও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিক্ষোভের আশঙ্কায় প্যারিসের লুভ্র, ওরসে ও পিকাসো জাদুঘর শনিবার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, যেসব এলাকায় বিক্ষোভ পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি, সেখানে শনিবার শুধু অনুমোদিত শ্রমিক ইউনিয়নের বিক্ষোভের অনুমতি দেওয়া হবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জঁ-দিদিয়ে বের্জে জানিয়েছেন, গত সপ্তাহান্তের তুলনায় এবার পুলিশ মোতায়েন ২০ শতাংশ বাড়ানো হবে। গত সপ্তাহের অস্থিরতার মাত্রা সম্পর্কে সরকার আগে থেকে যথেষ্ট ধারণা পায়নি, এমন অভিযোগের মধ্যেই নিরাপত্তা জোরদারের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সপ্তাহান্তে ফ্রান্সে ব্যাপক বিক্ষোভের সময় দাঙ্গা ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ঐতিহাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।