গ্রিসে এয়ার শো চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

গ্রিসে একটি এয়ার শো চলাকালে দেশটির বিমানবাহিনীর এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। শনিবার রাজধানী এথেন্সের উত্তরে তানাগ্রা বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দুই আসনের এফ-৪ ফ্যান্টমটি বিমানঘাঁটির প্রায় দুই কিলোমিটার বাইরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটই নিহত হয়েছেন। তবে বিমানঘাঁটির আশপাশের এলাকায় কোনো দর্শনার্থী বা স্থানীয় বাসিন্দা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটির প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, বিমানটি মাটির মাত্র কয়েক মিটার ওপর দিয়ে উড়ে ডান দিকে মোড় নেওয়ার সময় হঠাৎ বিধ্বস্ত হয়। মুহূর্তের মধ্যেই বিমানটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন অগ্নিনির্বাপণকর্মীরা। কাছের বনাঞ্চলেও আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে ১১টি অগ্নিনির্বাপক বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়।

এক প্রত্যক্ষদর্শী ইআরটিকে বলেন, বিমানটি আকাশে ওঠার তিন মিনিটও পার করেনি। দুর্ঘটনার দৃশ্য দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যান বলেও জানান তিনি।

দুর্ঘটনার পর বিমানঘাঁটির লাউডস্পিকারে লোকজনকে দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এফ-৪ ফ্যান্টমটি ‘অ্যাথেন্স ফ্লাইং উইক’ নামের বার্ষিক বিমান প্রদর্শনীতে অংশ নিচ্ছিল। সামরিক ও বেসামরিক বিমান চলাচলের এই আন্তর্জাতিক আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিমান ও উড্ডয়ন দল অংশ নেয়।

দুর্ঘটনার পর এয়ার শো এবং এর নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে যুদ্ধবিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করার কথা রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.