মার্কিন সেন্ট্রাল কমান্ডের তরফে রবিবার এক্স হ্যান্ডেলে এক বার্তা দেওয়া হয়েছে, ‘জ্বালানি পরিবহণের জন্য আইনসম্মতভাবে আন্তর্জাতিক এই জলপথ হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত। যে কেউ এই জলপথ দিয়ে যাতায়াত করতে পারে।
আমেরিকার সঙ্গে নতুন করে উত্তেজনার মাঝে ফের একবার হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা করেছে ইরান। তবে তেহরানের সে দাবি ফুৎকারে উড়িয়ে রবিবার আমেরিকা জানিয়ে দিল, ‘হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণাধীন নয়। এবং গুরুত্বপূর্ণ এই জলপথ নৌচলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। এবং নৌ চলাচল বহাল রাখতে মার্কিন বাহিনী পুরোদমে প্রস্তুত।’
মার্কিন সেন্ট্রাল কমান্ডের তরফে রবিবার এক্স হ্যান্ডেলে এক বার্তা দেওয়া হয়েছে, ‘জ্বালানি পরিবহণের জন্য আইনসম্মতভাবে আন্তর্জাতিক এই জলপথ হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত। যে কেউ এই জলপথ দিয়ে যাতায়াত করতে পারে। ইরানের অযাচিত আগ্রাসন, হয়রানি, হুমকি এবং খেয়ালখুশি মতো ঘোষণা করলেও তাতে বিশেষ ফল হবে না। নৌচলাচলের স্বাধীনতা যাতে বজায় থাকে, তা নিশ্চিত করতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে। ইরান এই প্রণালী নিয়ন্ত্রণ করে না। এখানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।’ ইরানের হুঁশিয়ারিকে হেলায় উড়িয়ে মার্কিন সেনা আরও জানিয়েছে, ‘গত সাত দিনে ১৪০টিরও বেশি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং গত দুই মাসে মার্কিন বাহিনীর সহায়তায় ৪০০ মিলিয়নেরও বেশি ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী ৮০০টিরও বেশি জাহাজ এই সামুদ্রিক পথ দিয়ে যাতায়াত করেছে।’

