শেখ হাসিনা ফিরতে চাইলে স্বাগত জানাবে সরকার : তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‍“সরকার শুরু থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ বিষয়ে ভারতের কাছেও আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। তিনি দেশে ফিরতে চাইলে সরকার তাকে স্বাগত জানাবে, যাতে তিনি আদালতে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন।”

 

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, “সরকার শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে চায়। তিনি দেশে ফিরলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মামলার মুখোমুখি হবেন। সেখানে বিদেশি আইনজীবী নিয়োগ, পর্যবেক্ষক উপস্থিতি এবং বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণের সুযোগ রয়েছে। আদালত যদি তাকে নির্দোষ মনে করেন, তবে আদালতের সিদ্ধান্তই কার্যকর হবে। আর দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী রায় কার্যকর হবে।”

 

তিনি বলেন, “শেখ হাসিনার দেশে ফেরা কোনো রাজনৈতিক চাপের বিষয় নয়। সরকার নিজেই তাকে প্রত্যর্পণের উদ্যোগ নিয়েছে। তাই তিনি দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে সরকার সহযোগিতা করবে।”

 

তথ্য উপদেষ্টা বলেন, “শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, সেটি সরকারের সিদ্ধান্ত নয়; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ। নির্বাহী বিভাগ হিসেবে সরকার কেবল আদালতের আদেশ বাস্তবায়ন করছে। কেউ এ সিদ্ধান্তে সংবিধান বা সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে বলে মনে করলে আদালতে তা চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে।”

তিনি আরো বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে নানা বক্তব্য ছড়িয়ে পড়লেও আদালতের নির্দেশনা মেনে চলা সবার দায়িত্ব। বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে সরকার ইতোমধ্যে বিচারক ও আদালতের সংখ্যা বৃদ্ধিসহ প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করেছে।”

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.