জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

 

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে জিয়া উদ্যানে পৌঁছে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। পরে ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল মইন খান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিলুন হকসহ দল ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন হাজারো নেতাকর্মী। তাদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নির্ধারিত ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেন। জিয়া উদ্যান এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থাও দেখা যায়।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.