আনসার ও ভিডিপি প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে : প্রধানমন্ত্রী

বুধবার গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আনসার ও ভিডিপি প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে। বুধবার (২০ মে) সকালে গাজীপুরের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সাহসিকতা ও কর্মদক্ষতা দিয়ে আনসার ও ভিডিপি মানুষের মধ্যে আস্থা অর্জন করেছে। আনসার ও ভিডিপি প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে বলে আশা করি।
তিনি বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আনসার-ভিডিপির সাফল্যও প্রশংসনীয়।
আনসার-ভিডিপির সদস্যরা শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আনসার ও ভিডিপির প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে।
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে এই বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করতে ‘উপজেলা আনসার প্রবিধানমালা ২০২৬’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিন সকালে সমাবেশস্থলে পৌঁছালে  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠানের সূচনাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত আকর্ষণীয় ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন।
এসময় বাহিনীর চৌকস দলগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করে।
তার এই সফরকে কেন্দ্র করে পুরো গাজীপুরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সরকারি-বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সাধারণ মানুষের মাঝেও বিরাজ করছে অভূতপূর্ব উৎসাহ-উচ্ছ্বাস।
প্রধানমন্ত্রী সমাবেশে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এরপর বিকেলে প্রধানমন্ত্রী গাছা এলাকায় ‘জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
দুর্যোগ মোকাবিলায় আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এ ধরনের বিশেষায়িত ভবন বাংলাদেশে এটাই প্রথম, যা দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন দিগন্তের উন্মোচন করবে।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বলেন, এই সফর শুধু উন্নয়নমূলক কাজে সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে গভীর আবেগ ও ইতিহাস। গাজীপুরের মাটির সঙ্গে প্রধানমন্ত্রীর শিশুকালের স্মৃতিজড়িত। এ ছাড়া এখানে প্রোথিত রয়েছে তার বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের গৌরবোজ্জ্বল অধ্যায়।
সফর প্রসঙ্গে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সিটির রাস্তাঘাট পরিষ্কার ও সৌন্দর্যবর্ধন করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.