হরমুজ প্রণালিতে হামলার শিকার জাহাজটি ভারতে আসছিল : নয়াদিল্লি

ইরান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালিতে হামলার শিকার তেলবাহী জাহাজটি ভারতে আসছিল বলে জানিয়েছে নয়াদিল্লি।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, বুধবার (১১ মার্চ) হরমুজে হামলার শিকার হয় থাইল্যান্ডের জাহাজটি। সেটি ভারতের পশ্চিমাঞ্চলের কান্ডলা বন্দরের দিকে আসছিল।

 

 

এক বিবৃতিতে নয়াদিল্লি বলেছে, “পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতে বাণিজ্যিক জাহাজগুলোকে সামরিক হামলার লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, এটি আমরা গভীরভাবে নিন্দা করি।”

 

“এই সংঘাতের আগের ধাপের একাধিক হামলায় ভারতীয় নাগরিকসহ অনেক মূল্যবান প্রাণ ইতিমধ্যেই হারিয়ে গেছে। আর এখন হামলার তীব্রতা ও প্রাণঘাতী অবস্থা ক্রমেই বাড়ছে বলে মনে হচ্ছে।”

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিশোধ যুদ্ধ চলছে। হামলা-পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির খতিয়ান বেড়েই চলেছে। তবে এই যুদ্ধের শেষ কোথায়, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে বসেও যুদ্ধ বন্ধের কোনো কৌশল বা উপায় বের করতে পারেনি। তবে কূটনৈতিক প্রচেষ্টা আগের চেয়ে বেশি দৃশ্যমান।

 

পারস্য উপসাগর ও ওমান সাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি, যেখান দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবহন হয়; যার বেশিরভাগটাই আমদানি করে থাকে এশিয়ার দেশগুলো। এই প্রণালি দিয়ে চীন ও ভারতে বিপুল পরিমাণ জ্বালানি আনা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.