আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফ্রান্সের প্যারিসে “নারীকথা” শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)। শনিবার (৭ মার্চ) প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর সংলগ্ন ‘বুজ দ্যু থাবাই’ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্যারিস–এস্ত ক্রেতেই বিশ্ববিদ্যালয় (প্যারিস–১২)–এর এইআই ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক ভাইস ডিন ও স্টাডিজ পরিচালক মারসেলা হেন্ডারসন-পিল। তিনি নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া বক্তব্য দেন প্যারিসের যুব কাউন্সিলর, সাফের প্রেসিডেন্ট ও লেখক নয়ন এনকে।

অনুষ্ঠানে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয় সংস্কৃতিজন হাসনাত জাহান ও নীলুফার জাহানকে। বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের হাতে তুলে দেওয়া হয় “সাফ নারী সম্মাননা”। এ সময় তাঁদের জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
সাফ কর্মকর্তা তাওহিদ আহমেদ, তাসনিয়া আনজুম ও রুমন আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন ডা. জাহরিন নূপুর, ফারজানা আলম, শাহনাজ আক্তার ও বিদ্যুৎ মোরশেদ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী মুনির কাদের।

অনুষ্ঠানের সূচনায় ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন জয়িতা বড়ুয়া, নবকুমার বড়ুয়া ও নবনীতা বড়ুয়া।
অনুষ্ঠানের প্রথম পর্বে “পিতামাতার সহায়তা এবং শিশু সুরক্ষা: পুনর্বিবেচনামূলক অনুশীলন” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তারা পরিবার, শিশু সুরক্ষা এবং সমাজে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আলোচকরা বলেন, সমাজ ও জাতির অগ্রগতিতে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর সমঅধিকার নিশ্চিত করা এবং তাঁদের ক্ষমতায়নের মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।
রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি।

