বিডিআর হত্যা মামলায় আসামি হচ্ছেন হাসিনাসহ একাধিক আ.লীগ নেতা

বিডিআর ট্রাজেডি ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় প্রথমবারের মতো আসামি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানকসহ একাধিক আওয়ামী লীগ নেতাকে।

মঙ্গলবার সকালে বিডিআর বিস্ফোরক মামলার চিফ পাবলিক প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন আমার দেশকে এই তথ্য জানান।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, একাধিক সংসদ সদস্য, একাধিক মন্ত্রী এবং স্থানীয় আওমালীগ নেতাকর্মীদের নাম সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে। আইনে তাদের অন্তর্ভুক্ত করার বিধান রয়েছে। মামলায় তারিখ ২৬ ফেব্রুয়ারি এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি প্রায় সাড়ে ৮০০ জন। মামলায় সাক্ষী করা হয়েছে ১ হাজার ২০০ জন। ইতোমধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে প্রায় ৩০০ জনের। এর মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতে শেখ হাসিনাসহ বেশ কয়েকজনের জড়িত থাকার বিষয়ে তথ্য উঠে এসেছে।

বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলা এখনও নিষ্পত্তি হয়নি। মামলাটি এখনও সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর এই মামলার প্রায় দুই শ আসামি জামিন পেয়েছেন।

বিচারিক আদালত ২০১৩ সালের ৫ নভেম্বর হত্যা মামলার রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। হাইকোর্ট ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন।

এ ছাড়া ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৮৩ জন। বর্তমানে হত্যা মামলাটি বিচারের জন্য সুপ্রিমকোর্টে আপিল বিভাগে রয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রক্তাক্ত হয়েছিল পিলখানা। কেউ কখনও ভাবতেই পারেনি যে পিলখানার মতো সুরক্ষিত স্থানে ৫৭ জন সেনা কর্মকর্তাকে জীবন দিতে হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.