নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এবং তিনি রেসপন্স করছেন বলে জানা গেছে। আজ শনিবার সকালে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতিকা রহমান এ তথ্য জানান।
এর আগে গতকাল শুক্রবার রাতে বুকে ব্যথা নিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন মাহমুদুর রহমান মান্না।
তার শারীরিক অবস্থা নিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক বলেন, গতকাল রাতে মাহমুদুর রহমান হাসপাতালে আসেন। তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন এখন।
ইরতিকা রহমান আরও বলেন, তিনি সকালে ঘুমাচ্ছিলেন। আপাতত তার পরিস্থিতি স্থিতিশীল আছে। তিনি রেসপন্স করছেন।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না।
উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে প্রার্থী হয়েছেন মাহমুদুর রহমান মান্না। তিনি বিএনপির সমর্থন পেয়েছেন।

