বিভিন্ন ছোটোখাটো বস্তু গিলে ফেলার ঘটনা হরহামেশাই শোনা গেলেও আস্ত মোবাইল ফোন গিলে ফেলার ঘটনা অনেকটাই বিরল। তবে, এমনটিই ঘটেছে এক রোগীর ক্ষেত্রে। সফল অস্ত্রোপচারে তার পেট থেকে সেই মোবাইল ফোন বেরও করেছেন সার্জনরা।
ঘটনাটি ঘটেছে আরবের দেশ মিশরে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন দেশটির হুরঘাদা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা।
মঙ্গলবার (১২ আগস্ট) গালফ নিউজের প্রতিবেদেনে বলা হয়, মোবাইল ফোনটি বেশ ছোট ছিল, তবে ডিভাইসটি রোগীর পেটে থাকায় তার জীবন হুমকির কারণ হয়ে দাঁড়ায় বলে জানান দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।
রেড সি হেলথ ডিরেক্টরেটের মতে, অজ্ঞাত ওই রোগী তীব্র পেটে ব্যথা, ক্রমাগত বমি এবং ক্লান্তি নিয়ে হাসপাতালে এসেছিলেন। ইমেজিং স্ক্যানে একটি বস্তু পাকস্থলিতে বাধা সৃষ্টি করে বলে দেখা যায়।
পরে সার্জনরা সেটিকে চিহ্নিত করেন। মূলত ভুলবশত মোবাইল ফোনটি গিলে ফেলেছিলেন ওই রোগী।
হাসপাতালের পরিচালক ডা. করিম এল শাবরাভি সাংবাদিকদের জানিয়েছেন, একটি বিশেষায়িত মেডিকেল দল ডিভাইসটি অপসারণের জন্য একটি জরুরি প্রক্রিয়া সম্পাদন করেছে।
অস্ত্রোপচারটি কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন হয়েছে এবং রোগী জ্ঞান ফিরে পেয়েছেন, যদিও তিনি পর্যবেক্ষণে রয়েছেন।

