‘বিএনপি কি পাঁচ নম্বর দল? পাঁচ নম্বরে গিয়ে কথা বলতে হবে’

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখার সিরিয়াল পাওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

একপর্যায়ে তিনি প্রশ্ন করেন, ‘বিএনপি কি পাঁচ নম্বর দল? পাঁচ নম্বরে গিয়ে কথা বলতে হবে।’

বৃহস্পতিবার (১০ জুলাই ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের ১১তম দিনের অধিবেশন শেষে এ ঘটনা ঘটে।

বৈঠকের পরে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজসহ রাজনৈতিক দলের নেতারা সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত কক্ষে নেমে আসেন। প্রথমে সংবাদ সম্মেলন শুরু করেন কমিশনের সহসভাপতি।

এরপর সংবাদ সম্মেলনে আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন সংলাপে বিএনপির প্রতিনিধি সালাহউদ্দিন আহমদ।

কিন্তু জোনায়েদ সাকি উঠে যাওয়ার পরপরই সংবাদ সম্মেলনে বসে পড়েন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন।

এ সময় সালাহউদ্দিন আহমদকে সংবাদ সম্মেলনে বসার আহ্বান জানালে তিনি বলেন, পীর সাহেবকে কেউ ডিস্টার্ভ কইরেন না।

এরপর ক্ষুব্ধ হয়ে সালাহউদ্দিন আহমদ সংবাদ সম্মেলন না করেই চলে যেতে চান। গাড়িতে উঠার সময় কয়েকজন সাংবাদিক তাকে সংবাদ সম্মেলন আসার আহ্বান জানালে তিনি বলেন, ‘এখানে তো তোমরা সিরিয়ালই দিচ্ছ না, ছোট ছোট দল বসে পড়ে, এটা কোন কথা? আমি চলে যাচ্ছি।’

তখন আবারও আহ্বান জানালে তিনি বলেন, ‘বিএনপি কি পাঁচ নম্বর দল? পাঁচ নম্বরে গিয়ে কথা বলতে হবে।’

যদিও পরে সাংবাদিক ও দলীয় কয়েকজন নেতাকর্মীর আহ্বানে সাড়া দিয়ে সংবাদ সম্মেলনে যোগ দেন বিএনপির এ নেতা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.