জাপার মহাসচিবের দায়িত্ব পেয়ে যা বললেন শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে দলের মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন । এর ফলে জাপায় তিনি মো. মুজিবুল হক চুন্নুর স্থলাভিষিক্ত হলেন।

আজ সোমবার এ তথ্য জানান জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

এদিকে দলটির মহাসচিবের দায়িত্ব পেয়ে জি এম কাদেরকে ধন্যবাদ জানিয়ে ও সকলের কাছে সহযোগিতা চেয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘জাতীয় পার্টির মতো বৃহৎ দলের মহাসচিবের দায়িত্ব জাতীয় পার্টির চেয়ারম্যান আমাকে ওপর অর্পণ করেছেন এজন্য তার কাছে কৃতজ্ঞ। আমরা তৃণমূলকে নিয়ে ঢেলে দল সাজাব। তৃণমূলের মতামতের ভিত্তিতে এবং একইসঙ্গে আমাদের হারানো আসনগুলো উদ্ধার করব। জেলা পর্যায় যাব বিভাগীয় পর্যায় যাব। উপজেলা সিস্টেম এরশাদ করেছিলেন, সেই উপজেলা পর্যায়ে জাতীয় পার্টিকে আমরা রিভাইভ করব।’

তিনি আরও বলেন,‘সকলকে সঙ্গে নিয়ে একটা নতুন বাংলাদেশ, নতুন জাতীয় পার্টি গড়ে সেই সুন্দর বাংলাদেশের পথটায় দৃঢ় করতে এগিয়ে চলব। আমি সকলের কাছে সাহায্য কামনা করছি, সহযোগিতা কামনা করছি। সকলের কাছে আমি দোয়াপ্রার্থী, যেনো এই বিশাল দায়িত্ব পালন করতে পারি। ধন্যবাদ।

গত ২৮ জুন রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে কাউন্সিল হওয়ার কথা ছিল জাপার। শেষ মুহূর্তে তা বাতিল করেন জি এম কাদের। তবে তাকে ছাড়াই কাউন্সিল করার ঘোষণা দেন দলের অনেক জ্যেষ্ঠ নেতা।

জাপার জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার কাউন্সিল করে দলের চেয়ারম্যান ও মহাসচিব হতে চান। তাদের প্রতি জি এম কাদেরের ভাবি, জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদের সমর্থন আছে বলে জানা যায়।

অন্যদিকে, জি এম কাদেরের ঘনিষ্ঠ অনেক নেতাই আনিসুল-রুহুলদের দিকে ঝুঁকে পড়েছেন। মুজিবুল হক চুন্নুর অবস্থানও তাদের দিকেই ছিল ধারণা করা হয়। এমন পরিস্থিতিতে মহাসচিব পরিবর্তন করলেন জি এম কাদের।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.