ছাত্র-জনতার ভয়ে ডোবায় ঝাঁপ দিলেন সাবেক মেয়র, অতঃপর…

যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে ধরে পুলিশে দিয়েছেন ছাত্র-জনতা। পরে একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

এর আগে গতকাল বুধবার বিকেল ৩টার দিকে পৌর শহরের ভবানীপুর এলাকার একটি বাড়ি ঘেরাও করেন ছাত্র-জনতা। এ সময় ভয়ে পালাতে গিয়ে ডোবায় ঝাঁপ দেন রফিকুল ইসলাম। পরে স্থানীয়রা ধরে মারধরের চেষ্টা করলে পুলিশ তাকে উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রফিকুল ইসলাম তার ভবানীপুর মোড়লপাড়ার বাড়িতে আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরের দিকে তার বাড়িটি স্থানীয় ছাত্র-জনতা ঘিরে ফেলেন। বিষয়টি বুঝতে পেরে তিনি ওই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। পরে ছাত্র-জনতার ভয়ে পালাতে একটি ডোবায় ঝাঁপ দেন রফিকুল। পুলিশ জানতে পেরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের আমলে কেশবপুরে ত্রাস সৃষ্টি করতেন জামাল বাহিনী। সেই জামাল বাহিনী পরিচালনা করতেন সাবেক মেয়র রফিকুল। তার বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে। তবে একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.