ন্যাটো সম্মেলনে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ৩২ দেশ

 

নতুন নিরাপত্তা হুমকি মোকাবিলায় ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ২০৩৫ সালের মধ্যে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো প্রতি বছর তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। খবর আল-জাজিরার।

এর মধ্যে ৩.৫% জিডিপি ব্যয় করা হবে মূল প্রতিরক্ষা খাতে। যেমন—সেনা, অস্ত্র, প্রশিক্ষণ ও প্রযুক্তি উন্নয়নে। বাকী ১.৫% জিডিপি ব্যয় করা হবে নিরাপত্তা-সংশ্লিষ্ট খাতে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা, সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালীকরণ।

ন্যাটো নেতারা বলেন, এ বিনিয়োগের লক্ষ্য হলো ‘গভীর নিরাপত্তা হুমকি মোকাবিলা’, বিশেষ করে রাশিয়ার দীর্ঘমেয়াদি হুমকি ও সন্ত্রাসবাদের ক্রমাগত ঝুঁকি।

ইউক্রেন প্রসঙ্গে ন্যাটো সদস্যরা ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের অঙ্গীকার করলেও এবারের ঘোষণায় ইউক্রেনের সম্ভাব্য সদস্যপদ নিয়ে কোনো উল্লেখ ছিল না, যা আগের সম্মেলনগুলোতে দেখা গিয়েছিল।

এ সম্মেলনে অংশ নিয়েছেন ন্যাটো জোটের ৩২ সদস্য রাষ্ট্রের প্রধানগণ, ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাগণ এবং ইউক্রেনের প্রতিনিধিরা। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্টজ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লায়েন।

এছাড়াও অংশ নেয় আলবেনিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মন্টিনেগ্রো, নর্থ ম্যাসিডোনিয়া, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সুইডেনের সরকার প্রধানরা।

এ সম্মেলন স্পষ্ট করে দিয়েছে—ন্যাটো একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত এবং প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির মাধ্যমে নিজেদের আরও শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.