মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আর কখনোই সমর্থন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্কটিশ গায়ক রড স্টুয়ার্ট। একটা সময় তারা ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী ছিলেন বলেও জানান তিনি।
৮০ বছর বয়সি এই গায়ক সম্প্রতি রেডিও টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি ট্রাম্পকে ‘খুব, খুব ভালোভাবে চিনতেন’ এবং ফ্লোরিডার পাম বিচে তাদের বাড়ি ছিল কাছাকাছি।
স্টুয়ার্ট বলেন, “আমি এখন আর ট্রাম্পের ভক্ত নই। আমি ওকে খুব ভালোভাবে চিনতাম। ওর বাড়িতেও যেতাম। আমরা দু’জনই সমুদ্রতীরে থাকতাম। ওর ক্রিসমাস পার্টিতেও অংশ নিয়েছি। একজন ‘ম্যানস ম্যান’ হিসেবে ওকে ভালো লাগত। তবে আমার দৃষ্টিতে তিনি নারীদের প্রতি যথাযথ ব্যবহার করেননি।”
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর একেবারেই বদলে গেছেন বলেও অভিযোগ করেন স্কটিশ গায়ক।তিনি বলেন,
“তিনি যেন একেবারে অন্য মানুষ হয়ে গেলেন। যাকে আমি চিনতাম, সেই ট্রাম্প এখন আর নেই।”
আবারও কি তাদের পুরোনো বন্ধুত্ব ফিরে আসতে পারে? এমন প্রশ্নের জবাবে স্টুয়ার্ট স্পষ্ট করে বলেন, “না, আর সম্ভব নয়।”
স্টুয়ার্ট একইসঙ্গে ট্রাম্পের আন্তর্জাতিক সংকট নিয়ে নেওয়া বিতর্কিত রাজনৈতিক অবস্থান ও মিত্রদের প্রতি সমর্থনেরও বিরোধিতা করেন।
তার এই বক্তব্যে মূলত তাদের এক সময়ের বন্ধুত্ব আর রাজনৈতিক মতপার্থক্যের জটিল সম্পর্ক স্পষ্ট হয়ে উঠেছে। সূত্র: সিএনএন

