ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। ইসফাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি মূল্যায়ন করা হচ্ছে বলে বলেও জানিয়েছেন ডেপুটি গভর্নর সালেহি।
এর আগে, শনিবার রাতে ইরানি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল যে, তেহরানের নোবোনিয়াদ এলাকাতেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েল কেন ইসফাহানকে লক্ষ্যবস্তু করেছে?
গত কয়েক ঘণ্টা ধরেই ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইসফাহান। অন্যান্য শহরে ছড়িয়ে থাকা খনি এবং প্ল্যান্টের পাশাপাশি মধ্য ইরানের ইসফাহানে ইরানের কনভারসন প্ল্যান্ট বা রূপান্তর কেন্দ্রটি দেশটির বিশাল পারমাণবিক অবকাঠামোর একটি অংশ।
এ ছাড়াও কাছাকাছি একটি বড় বিমান ঘাঁটি এবং একটি প্রধান ক্ষেপণাস্ত্র উৎপাদন কমপ্লেক্সসহ উল্লেখযোগ্য ইরানি সামরিক অবকাঠামো রয়েছে। ২০২৪ সালের এপ্রিলে, ইসরায়েল ইসফাহানের একটি বিমান বন্দরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষতি করে।
ইরানের দাবি, ইসফাহানের স্থাপনাগুলি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হয়। কিন্তু ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো সন্দেহ করে আসছে যে দীর্ঘদিন ধরে তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ইসফাহানের এই কনভারসন প্ল্যান্ট ব্যবহার করছে।

