Oplus_0

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ভিজ্যুয়াল আর্টিস্ট বাংলাদেশের গৌরব তুফান চাকমার ফ্রান্স সফর

বিশ্বভূবনে জুম্ম পরিচয়ের আলোকবর্তিকা হয়ে যিনি ছড়িয়ে দিচ্ছেন পাহাড়ি সংস্কৃতির রঙ, গল্প আর প্রতিবাদের স্বর — সেই ডাঙ্গু তুফান চাকমা, একজন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত, খ্যাতিমান ভিজ্যুয়াল আর্টিস্ট, আসছেন আজকে ০৬ জুন ২০২৫, শুক্রবার ফ্রান্সে।
তিনি ৬ থেকে ৮ জুন পর্যন্ত ফ্রান্সে অবস্থান করবেন, এবং স্বশরীরে উপস্থিত থাকবেন তাঁর সৃষ্ট শিল্পকর্মের প্রদর্শনীতে, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা ও স্বীকৃতি অর্জন করেছে।

এই সফর কেবল একটি আর্টিস্টের উপস্থিতি নয় — বরং একটি জাতিসত্তার প্রতিনিধিত্ব।
তাঁর শিল্পে যে ভাষা, যে যন্ত্রণার অনুবাদ, তা আমাদের সকলের। তাঁর তুলির আঁচড়ে, ক্যানভাসে ফুটে ওঠে জুম্মদের ইতিহাস, অস্তিত্বের লড়াই, প্রকৃতির অবিচ্ছিন্ন সংলাপ, এবং এক নীরব প্রতিবাদ— যা একই সঙ্গে মর্মস্পর্শী, মনোমুগ্ধকর এবং মানসচাঞ্চল্য জাগানিয়া।

এই প্রদর্শনী যেন এক আত্মপরিচয়ের উৎসব যেখানে দর্শক শিল্পের মাধ্যমে নিজেদের প্রতিফলন দেখতে পাবেন, আরো দেখতে পাবেন জুম্ম জাতির নান্দনিকতা, ঐতিহ্য, এবং ভবিষ্যতের স্বপ্নকে।

ডাঙ্গু তুফান চাকমার এই সফরের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হলো ফ্রান্সে সংস্কৃতি মনা সকল মানুষ এবং জুম্ম কমিউনিটির সঙ্গে সরাসরি সময় কাটানো, সংলাপে অংশগ্রহণ এবং সাংস্কৃতিক সংহতির হাত বাড়িয়ে দেওয়া। তিনি বিশ্বাস করেন, জুম্ম সংস্কৃতি কেবল পাহাড়ে আবদ্ধ নয় বরং তা এক ছায়াসঙ্গীর মতো জুম্মদের হৃদয়ে বহন করে বেড়ায় পৃথিবীর প্রতিটি প্রান্তে।

এই সফরের মধ্য দিয়ে তিনি যেমন তাঁর শিল্পকর্মের আন্তর্জাতিক বিস্তৃতিকে আরও দৃঢ় করবেন, তেমনি জুম্ম জাতির স্বর ও স্বপ্নকে পৌঁছে দেবেন নতুন মাত্রায় শিল্পের ভাষায়, বিশ্বমঞ্চে।

আয়োজক সংগঠন La Voix des Jummas-এর পক্ষ থেকে ফ্রান্সে বসবাসরত সকল স্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে এই ব্যতিক্রমধর্মী প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য।

আসুন, আমরা একত্র হই আর্ট প্রদর্শনীর এই মিলনমেলায়— যেখানে রঙ হবে প্রতিবাদ, আঁচড় হবে আত্মপরিচয়ের গল্প, আর শিল্প হবে সংহতির সেতুবন্ধন।

রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.