শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার হতে পারে কাল

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করা হবে আগামীকাল রবিবার। এ অভিযোগ গঠনের শুনানি কার্যক্রমের সরাসরি সম্প্রচার হতে পারে।

আজ শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজি এম এইচ তামিম বলেন, আগামীকাল (রবিবার) শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল হবে ট্রাইব্যুনালে। আগামীকালের কোর্ট প্রসিডিংস বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হতে পারে।

এর আগে গত ২০ মে ট্রাইব্যুনাল-১ এর বিচারকক্ষে ডিজিটাল প্রযুক্তি স্থাপনের কাজ সম্পন্ন করা হয়। ফলে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বিচার কার্যক্রম সরাসরি কিংবা ধারণ করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর তখন তার ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে লিখেছিলেন, ‘জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য কোর্টরুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। ট্রায়ালের যে কোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে প্রচারিত হতে পারবে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.