পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে বলব, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের কাছে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না।’

আজ শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর ৮মপ্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়।

এবারই প্রথমবারের মতো ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আজকের পরিস্থিতি দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রত্যাশিত উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আগামী দিনে আর কোনো স্বৈরাচার যাতে দেশ ও জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সেই জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার প্রক্রিয়া, পদ্ধতি প্রণয়ন এবং বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়। যদিও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা ও সামর্থ্য নিয়ে হয়তো জনমনে হতাশার সৃষ্টি হয়েছে। কিন্তু দেশের গণতান্ত্রিক রাজনৈতিকদলগুলো জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন এখনো অব্যাহত আছে।’

বিএনপিসহ দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের পরিকল্পনা ও রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘সব কিছু বিবেচনা করলে দেখা যায়, সরকার কিন্তু সেই আহ্বানে সাড়া দেয়নি। বরং সরকার জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার বেশি সংস্কার -এ ধরনের একটি অভিনব শর্তের বেড়াজালে আটকে দিয়েছে।’

তারেক রহমান বলেন, ‘মাত্র সরকার গঠনের এই কয় মাসে সরকারের ভেতরে ও বাইরে এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার জনগণের ভাষা, আশা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে।’

তিনি বলেন, করিডর বা বন্দর দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা নির্বাচিত সরকার। বর্তমান সরকারের আইনগত এবং রাজনৈতিক বৈধতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এই সরকারের জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয়।’

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে আরও উপস্থিতি ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা সহসভাপতি রাশেদ প্রধান, এনডিএম মহাসচিব মোহাম্মদ মমিনুল আমিন, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কূটনীতিকরা। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সম্মান জানানো হয়।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.