সোমবার বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ‘আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে’- এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে কুমিল্লা বিভাগীয় বিএনপি। একই সঙ্গে দলটি তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। ক্ষমা না চাইলে তাকে কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণার কথা বলেছে।
সোমবার (১৯ মে) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, “এই বক্তব্য কেবল রাজনৈতিক শিষ্টাচারবিরোধী নয়, মানসিক ভারসাম্য হারানোর ইঙ্গিতও দেয়। তার (হাসনাত আব্দুল্লাহর) অবিলম্বে মানসিক চিকিৎসার প্রয়োজন।”
তিনি বলেন, “যদি হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্যে ক্ষমা না চান এবং বক্তব্য প্রত্যাহার না করেন, তবে কুমিল্লা বিএনপি তাকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করতে বাধ্য হবে।”
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, “গত শুক্রবার এক অনুষ্ঠানে হাসনাত যেভাবে বলেছিলেন, ‘আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে’, সেটি একটি শিশুসুলভ ও রাজনৈতিকভাবে অপরিপক্ক বক্তব্য। এতে কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ।”

