১২০ টন ত্রাণ নিয়ে মিয়ানমার গেলো নৌবাহিনীর জাহাজ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে আরও ১২০ মেট্রিক টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সুপ্রতিবেশিসুলভ মনোভাব জোরদার হবে বলে মনে করছেন নৌবাহিনীর কর্মকর্তারা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’ ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর পৃষ্ঠপোষকতা ও তত্ত্বাবধানে মিয়ানমারকে মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, সেনাকল্যাণ সংস্থা এবং রেড ক্রিসেন্ট এ সহায়তার যোগান দিয়েছে। ১২০ টন ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৭৭ মেট্রিক টন শুকনা খাবার, ৯ টনেরও অধিক তাবু এবং ব্যবহারযোগ্য বস্ত্রাদি, ২৯ মেট্রিক টন বিশুদ্ধ খাবার পানি, ৪ মেট্রিক টন হাইজিন কিট এবং প্রায় ১ টন প্রয়োজনীয় ওষুধ সামগ্রী।

আগামী শুক্রবার (১১ এপ্রিল) জাহাজটি মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সেখানে মিয়ানমার সরকারের প্রতিনিধি দলের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করে দেশে উদ্দেশ্যে ফিরবে জাহাজটি।

উল্লেখ্য, গত ২৮ মার্চ মিয়ানমার ও থাইল্যান্ডে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে দুই ধাপে সেনাবাহিনী ও বিমানবাহিনীর মাধ্যমে ৩১ দশমিক ৫ মেট্রিক টন ত্রাণসামগ্রী, উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল পাঠিয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.