বিমসটেক সম্মেলনে অংশ নিতে কাল থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

জানা গেছে, বিমসটেক সম্মেলনে অংশ নিতে ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা।

সম্মেলনের আগে বিমসটেকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব। ২ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। এরপর ৪ এপ্রিল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন সরকারপ্রধান।

সফরকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সাথেও বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

শেখ হাসিনার পতনের তিন দিনের মাথায় গত বছরের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারপ্রধানের দায়িত্ব পাওয়ার পর তিনি গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন। এরপর নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। গত ডিসেম্বরে ড. ইউনূস ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশর সফর করেন। এছাড়া চলতি বছর ২৬ মার্চ চীনে রাষ্ট্রীয় সফর করেন ড. ইউনূস।

বিমসটেক সিনিয়র অফিসিয়ালস’ মিটিং

এদিকে ব্যাংককে আজ শুরু হয়েছে বিমসটেক সিনিয়র অফিসিয়ালস’ মিটিংয়ের ২৫তম অধিবেশন। এটি ৪ এপ্রিল ২০২৫-এ অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনের প্রস্তুতির অংশ। বাংলাদেশের পররাষ্ট্র সচিব অ্যাম্বাসাডর জসিম উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশগ্রহণ করেছে।

পররাষ্ট্র সচিব বিমসটেকের ‘বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, বিশেষ করে ব্লু ইকোনমি’ সংক্রান্ত খাতের অগ্রগতির ওপর বক্তব্য প্রদান করেন। বাংলাদেশ এই খাতের নেতৃত্বদানকারী দেশ হিসেবে ছয়টি গুরুত্বপূর্ণ চুক্তির দ্রুত চূড়ান্তকরণের জন্য সদস্য দেশগুলোর পূর্ণ সহযোগিতা কামনা করেন।

চুক্তিগুলো হলো– বিমসটেক মুক্ত বাণিজ্য এলাকার আওতায় পণ্য বাণিজ্যের কাঠামোগত চুক্তি, রুলস অব অরিজিন, কাস্টমস সংক্রান্ত পারস্পরিক সহায়তা, বিরোধ নিষ্পত্তির পদ্ধতি ও প্রক্রিয়া, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ ও সেবা বাণিজ্য।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading