বিএনপি-জামায়াত ও এনসিপি’র সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।

বুধবার বিকালে রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে নিকোল চুলিকের সঙ্গে দুই দলের আলাদা সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুপুরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছে জামায়াতে ইসলামী।

এনসিপি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌজন্যসাক্ষাতে দলের চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধিদলে থাকবেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সফরের প্রথম দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। এরপর তারা পর্যায়ক্রমে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তারা।

যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনদিন বাংলাদেশ সফর করবেন। এর মধ্যে নিকোল চুলিক ইতিমধ্যে ঢাকায় এসেছেন। যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপের বুধবার সন্ধ্যায় ঢাকায় আসার কথা রয়েছে।

বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন যোগ দিতে পারেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধিদলের এ সফরে বাংলাদেশে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পালটা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা ও মিয়ানমার পরিস্থিতিসহ ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.