টিউলিপকে আসামি করা হয়েছে প্রমাণের ভিত্তিতে : দুদক চেয়ারম্যান

পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দালিলিক প্রমাণের ওপর ভিত্তি করেই যুক্তরাজ্যের দুর্নীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন।

আজ রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক লিখিত বক্তব্যে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। এ সময় আসামিদের আদালতে হাজির হয়ে অভিযোগ মোকাবিলা করার পরামর্শও দেন তিনি।

গত ১২,১৩ ও ১৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের ছয়টি আলাদা মামলা করা হয়। পরে গত ১০ মার্চ এসব মামলার অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। ব্রিটিশ সংসদ সদস্য হিসেবে প্লট বরাদ্দে প্রভাবিত করার দুই মামলার অভিযোগপত্রে টিপলিপকে আসামি করা হয়।

এর আগে গত ২৭ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে সিদ্ধান্ত নেয় দুদক।

দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, ‘দুদকের দায়েরকৃত মামলায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মিস টিউলিপ সিদ্দিক স্কাই নিউজকে বলেছেন-দুর্নীতি দমন কমিশন তাঁর সাথে যোগাযোগ করেনি। অনুগ্রহ করে লক্ষ্য করুন-দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.