গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ঢাবিতে ক্লাস পরীক্ষা স্থগিতের ঘোষণা

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

গাজায় ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস পরীক্ষা স্থগিত করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল ৭ এপ্রিল ২০২৫ সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

এছাড়া, আগামীকাল সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে।

উল্লেখ্য, গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বিশ্ববাসীকে বিক্ষোভ মিছিল করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাস বলেছে, আমরা গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী হরতাল, ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করার আহ্বান জানাচ্ছি।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দখলদার শক্তি আলোচনার মাধ্যমে যা করতে ব্যর্থ হয়েছে, গণহত্যা ও আগ্রাসনের মাধ্যমে তা কখনোই পারবে না।

সমাধানের পথ বাতলে হামাস বলেছে, এখন সামনে একটাই মাত্র পথ। তা হলো দখলদারদের বিরুদ্ধে ফুঁসে ওঠা। আর পশ্চিমতীরের সাথে ইসরাইলের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়া।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.