ডিজিএফআইয়ের সাবেক ডিজির বাসায় মিলল আড়াই কোটি টাকা

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে দুই কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মো. আক্তার হোসেন বলেন, ‘ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তার বিষয়ে দুদকে একটি অনুসন্ধান চলমান ছিল। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা, যৌথবাহিনীর সহায়তায় তার ক্যান্টনমেন্টের বাসা থেকে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করে দুদক।’

জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত সাবেক এই সেনা কর্মকর্তার রাজধানীর ক্যান্টনমেন্টের বাসায় অভিযান চালিয়ে এই নগদ টাকা উদ্ধার করা হয়। তবে এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

গত ৫ আগস্টে পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ আসে দুদকে।দুদকের গোয়েন্দা সেল গোপন অনুসন্ধান করে তার নামে অবৈধ সম্পদের আমলযোগ্য তথ্য পায়। এর আগে গত বছরের ১১ সেপ্টেম্বর ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.