শনিবার সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী
সদ্যবিদায়ী ২০২৪ সালে দেশে প্রতিদিন গড়ে ২৩ জনেরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃতের সংখ্যা মোট ৮ হাজার ৫৪৩ জন। এ সময় আহত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন।
অন্যদিকে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৬ হাজার ৯৭৪ দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত এবং ১৩ হাজার ১৯০ জন আহত হয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ‘২০২৪ সালের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

