প্রকাশ্যে এল সাইফ আলী খানকে কোপানো যুবকের ছবি

ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতা সাইফ আলী খানের ওপর যে যুবক হামলা করেছিলেন, তার ছবি প্রকাশ্যে এসেছে। ঘটনার পর কীভাবে ওই যুবক বাড়ি থেকে পালাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে।

প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজও। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে আনন্দবাজার জানাচ্ছে, এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। তাকে খুঁজছে পুলিশ। তাকে ভবনের সিসি ক্যামেরায় দেখা গেছে। যদিও এখনো তার পরিচয় জানা যায়নি। ভিডিওটিতে অভিযুক্ত যুবকের মুখ দেখা গেছে।

তিনি সিঁড়ি দিয়ে নামতে নামতে সিসি টিভির দিকে তাকাচ্ছিলেন। তার পিঠে ছিল ব্যাগ। এই ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। ইতিমধ্যে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর এ হামলা হয়। অভিযুক্ত তাকে ছুরি দিয়ে একাধিকবার কোপ মারেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিলেন অভিযুক্ত। সাইফ তাকে বাধা দিতে গেলে তার ওপর হামলা হয়। সাইফের শরীরে ছয়বার ছুরি দিয়ে আঘাত করা হয়।

ভোরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফ আলী খানের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে আপাতত আশঙ্কামুক্ত তিনি। তার শারীরিক অবস্থাও স্থিতিশীল।

সাইফের ওপর হামলার ঘটনায় তার বাড়ির এক পরিচারককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আগে থেকেই হামলাকারী ওই বাড়িতে ঢুকে বসে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় সাইফ আলী খানের বাড়ির এক পরিচারিকার ওপরও হামলা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.