গান বাংলার তাপস গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

উত্তরা পূর্ব থানার সাব-ইন্সপেক্টর মো. মহিববুল্লাহ এ রিমান্ড আবেদন করেছেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

মামলা থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসসহ অন্যান্যরা কর্মসূচীতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন ৪ নং সেক্টরস্থ আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এ সময় ইসতিয়াকের পেটে গুলি লাগে। পরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। কৌশিক হোসেন তাপস এ মামলায় ৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.