উয়েফা নেশন্স লিগে শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হয়েছিল জার্মানি। অ্যাওয়ে ম্যাচে তাদের বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও ঘরের মাঠে এবার গোলবন্যায় ভাসিয়েছে। বসনিয়াকে উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে। যা বর্তমান কোচ ইয়ুলিয়ান নাগেলসম্যানের আমলে সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৪ বিশ্বকাপে তারা ব্রাজিলের বিপক্ষে করেছিল ৭ গোল।
এই বড় জয়ে ‘এ৩’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে তাদের। আগেই নিশ্চিত করেছিল কোয়ার্টার ফাইনাল। ৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসের সংগ্রহ ৮ পয়েন্ট। ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে বসনিয়া।
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আরও একবার বিশ্ব ফুটবলের পাওয়ার হাউজ হওয়ার প্রচেষ্টায় আছে জার্মানি। সেই পথে তারা ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। নেশন্স লিগে এখনও তারা কোনো ম্যাচ হারেনি।

