৭ নভেম্বর ছুটি পুনর্বহালের দাবি বিএনপির

৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা এবং ওইদিনের সরকারি ছুটি পুর্নবহালের দাবি জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার এক যৌথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, ‘একটি সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়। জিয়াউর রহমান নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হয়, মুক্ত অর্থনীতি, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হয়।’

তিনি বলেন, ‘এই পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই দিনে বাংলাদেশ আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসেছিল। তাই এই দিনটিকে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে।’

বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের সময় ঘোষণার দাবি জানান।

এর আগে সকালে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা এবং ওইদিনের সরকারি ছুটি পুর্নবহালের দাবিতে বিএনপি জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

সেখানে বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুকও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

তিনি বলেন, ‘দেশে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি আর ২০১৪-১৮-২৪ এর মতো কোনো নির্বাচন চায় না।’

তিনি আরো বলেন, ‘গণতন্ত্র রক্ষায় অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রপতি ও সংবিধানের বিষয়ে সংসদেই ফয়সালা হবে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.