১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ জিতল বাংলাদেশের মেয়েরা

জয় দিয়েই বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। আসরের উদ্বোধনী ম্যাচেই পেয়েছে বহুল কাঙ্খিত জয়ের দেখা। তাতে ফুরিয়েছে এক দশকের অপেক্ষা। ২০১৪ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম কোনো ম্যাচ জিতল বাংলাদেশ।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বাধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।

শারজায় টসে জিতে আগে ব্যাট করতে নেমে তেমন একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাবে স্কটল্যান্ড আটকে যায় মাত্র ১০৩ রানে।

ব্যাটিংয়ে নামা দলকে ভালো শুরু এনে দিতে পারেননি মুর্শিদা খাতুন। উদ্বোধনী জুটি থেকে যোগ করতে পারেন মোটে ২৬ রান। মুর্শিদা আউট হন ১২ রানে। তবে সাথি রানি আর সুবহানা মোস্তারি মিলে পথ দেখান দলকে।

দু’জনের জুটিতে আসে ৪২ রান। দু’জনেই ফেরেন থিতু হয়ে। ১১.৫ ওভারে সাথি ফেরেন ৩২ বলে ২৯ রানে৷ পরের ওভারেই ০ রানে রাব আউট হন তাজ নাহার৷ দ্রুত জোড়া উইকেট হারানোর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ।

মোস্তারি ৩৮ বলে ৩৬ করে ফিরলে দাঁড়াতে পারেনি আর কেউ। অধিনায়ক নিগার সুলতানার ১৮ বলে ১৮ ও ফাহিমা খাতুনের ৫ বলে ১০* রান কেবল বলার মতো স্কোর। ৩ উইকেট নেন সাস্কিয়া হর্লে।

জবাবে স্কটল্যান্ড আটকে যায় এক শ’ পেরিয়েই। এই ম্যাচে স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেছেন জেনিফার ব্রাইস। সমাবন ১১ রান করে করেছেন অধিনায়ক ক্যাথরিন ব্রাইস ও অ্যালিসা লিস্টার।

দলটির আর কোনো ব্যাটারই বলার মতো কিছু করতে পারেননি, পারেননি দুই অঙ্কে পৌঁছাতে। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নিয়েছেন রিতু মনি। আর একটি করে উইকেট গেছে মারুফা আক্তার, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খানের ঝুলিতে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.