আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, নির্বাচন কমিশন গঠনের জন্য এরইমধ্যে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রজ্ঞাপনে হয়তো প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেছেন। আজ অথবা কালকের মধ্যেই সে প্রজ্ঞাপন জারি হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।
নির্বাচন নিয়ে তাদের সঙ্গে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে তাদের সঙ্গে কোনো কথা হয়নি। তবে আপনাদের আমি একটা কথা বলতে পারি- আমাদের সরকারের নির্বাচনমুখী প্রক্রিয়া গ্রহণ করার যে কাজ, সেটা শুরু হয়ে গেছে। নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে আপনারা বলতে পারেন।’
উপদেষ্টা বলেন, ‘নির্বাচন কমিশন গঠন করার জন্য যে সার্চ কমিটি, সেটি গঠন করা হয়ে গেছে। আমি যতদূর জানি, সেই প্রজ্ঞাপনটা আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাক্ষর করে দিলেই আপনারা জানতে পারবেন। হয়তো উনি করেছেনও আজকে-কালকের মধ্যে জেনে যাবেন।’
আসিফ নজরুল বলেন, ‘সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশন গঠন করা হলে ভোটার তালিকা। আগেও বলেছি, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল, গত নির্বাচন এমন ভুয়া নির্বাচন ছিল, ভোটার তালিকা নিয়ে মানুষের মাথাব্যথা ছিল না। আমরা তো ভুয়া নির্বাচন করব না। আমরা অসাধারণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব। ফলে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে সবকিছু ঠিক করবেন।’
তিনি বলেন, ‘বিচার প্রক্রিয়া নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে নিশ্চয়তা দেয়া হয়েছে, এখানে কোনো বিষয়ে কোনো অবিচার হবে না, সুবিচার হবে।’
আইন উপদেষ্টা আরও বলেন, ‘জাতিসংঘ পৃথিবীর সব দেশেই বিচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ড রহিত করার কথা বলে থাকে। কিন্তু খুব অল্প দেশই মৃত্যুদণ্ড রহিত করেছে।’

