ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তার ক্ষমতাচ্যুতের নেপথ্যে যুক্তরাষ্ট্র দায়ী এমন একটি বার্তা ছড়িয়ে পরে সম্প্রতি। যদিও বার্তাটি শেখ হাসিনার নয় বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
তবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগকে হাস্যকর বলে আখ্যায়িত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
গতকাল মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মলনে এ কথা জানান আমেরিকার পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, ‘এটি হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে আমেরিকা জড়িত ছিল- এমন ধারণা একেবারেই মিথ্যা।‘
তিনি আরও বলেন, ‘আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিকর তথ্য দেখেছি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সঠিক তথ্য জোরদার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

