ফ্রান্স প্রবাসী বাংলাদেশী আদিবাসীদের আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৪ উৎযাপন

গত ১১ আগস্ট, রবিবার ২০২৪ ফ্রান্সে বসবাসরত পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৪ উদযাপন করে। ফ্রান্সে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সংগঠন ইউরোপীয় জুম্ম আদিবাসী কাউন্সিল (EJIC) ও জুম্মদের কন্ঠস্বর (La Voix des Jummas- LVJ) যৌথভাবে এই আয়োজন করে। সংগঠনের পক্ষ থেকে দিবসটির স্লোগান ছিল অবহেলিত পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের মাতৃভূমির অধিকার এবং প্রবাসী আদিবাসীদের ভ্রাতৃত্ববোধ সমুন্নত রাখা। 

শিশু শিল্পীদের আদিবাসী নৃত্য

উল্লেখ্য যে আদিবাসীদের অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ১৯৮২ সাল থেকে প্রতি বছর ৯ আগষ্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়ে আসছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে বিশ্বের ৯০ টি দেশে প্রায় ৪৭৬ মিলিয়ন আদিবাসীর বসবাস। বাংলাদেশে আছে প্রায় ৫১ টি আদিবাসী গোষ্ঠী, যাদের অধিকাংশেরই আছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। 

আদিবাসী দিবসের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন LVJ সংগঠনের প্রেসিডেন্ট জনাব রেমি ফ্লেগার চাকমা ও EJIC সংগঠনের ভাইস প্রেসিডেন্ট জনাব মানাবেনতর চাকমা। প্যারিসের নিকটবর্তী ক্রেতেই পম্পাদোর পার্কে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার মাধ্যমে দিনটিকে উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন বাপ্পি চাকমা ও ম্যাক্সুয়েল চাকমা।

উক্ত অনুষ্ঠানে চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা আদিবাসীরা তাঁদের ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহন করে। অনুষ্ঠানের প্রথম পর্বে আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাকে শিশুদের নৃত্য ও আদিবাসী পুরুষ ও মহিলাদের দলগত দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত সবাইকে আদিবাসীদের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার ও পিঠা পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে আদিবাসী পুরুষ ও মহিলাদের বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় ও পুরষ্কার প্রদান করা হয়। 

দলগত দেশাত্মবোধক গান

অন্যান্য সকল সিনিয়র যারা এই অনুষ্ঠানে বক্তৃতা করেছেন তারা সকলেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে জাতিসংঘের আদিবাসীদের অধিকার আইনের প্রতি শ্রদ্ধা জানানো এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে জুম্ম আদিবাসীদের প্রতি বৈষম্য বন্ধ করার দাবি জানিয়েছেন। অনুষ্ঠান শেষ হয় সন্ধ্যা ৬টায়।

রাকিবুল ইসলাম, প্যারিস থেকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.