পদত্যাগ করছেন ‘হাসিনা-ঘনিষ্ঠ’ প্রধান বিচারপতি !

কোটা সংস্কারের আন্দোলনের দাবির মুখে অবশেষে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে এই বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ করবেন প্রধান বিচারপতি।

বস্তুত, বাংলাদেশের প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে এ বার বিক্ষোভ আন্দোলনকারীদের। শনিবার দুপুর পৌনে বারোটা নাগাদ (ভারতীয় সময় ১১টা ১৫মিনিট) ঢাকায় হাই কোর্ট ভবনের সামনে অবস্থান শুরু করেছেন প্রায় কয়েকশো আন্দোলনকারী। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’য় প্রকাশ, আন্দোলনকারীদের কারও কারও হাতে রয়েছে জাতীয় পতাকাও। হাই কোর্ট ভবন চত্বরে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছেন বাংলাদেশ সেনার জওয়ানেরা। যদিও আন্দোলনকারীদের দাবি, তাঁরা শান্তিপূর্ণ ভাবেই অবস্থান চালাচ্ছেন। প্রধান বিচারপতির পদত্যাগের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা অবস্থান চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও সমাজমাধ্যমে এই অবস্থান নিয়ে পোস্ট করেছেন। উল্লেখ্য, আসিফ ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, প্রধান বিচারপতি-সহ সাত জন বিচারপতির পদত্যাগের দাবিতে শনিবার অবস্থান চলছে হাই কোর্ট ভবনের সামনে। তবে এই আন্দোলনের সঙ্গে জেলা আদালতগুলির কোনও যোগ নেই বলেও জানিয়েছেন সজীব। নিম্ন আদালতগুলির সামনে যাতে কোনও আন্দোলনকারী অবস্থান না করেন, সেই বার্তাও দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা সজীব ভুঁইয়া। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.