জার্মানিতে উৎসবে ছুরিকাঘাত : মূল সন্দেহভাজন গ্রেপ্তার

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর সোলিংগেনে উৎসবে ছুরিকাঘাতে তিনজন নিহত ও আটজন আহত হওয়ার ঘটনায় মূল সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।

 

নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রিউল দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এআরডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। রিউল বলেন, ‘সারা দিন আমরা যে ব্যক্তিকে খুঁজছিলাম অবশেষে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।’

বিবিসির খবরে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে জার্মানির গণমাধ্যম বিল্ড ও স্পিগেল জানিয়েছে, রক্তে মাখা পোশাকসহ সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এ নিয়ে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।

 

এর কয়েক ঘণ্টা আগে ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫ বছর বয়সী এক সন্দেহভাজন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছিল। এই কিশোর মূল সন্দেহভাজন না হলেও হামলা সম্পর্কে জানত বলে জানিয়েছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১০টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ওই হামলা চালিয়েছেন। এতে ৫৬ এবং ৬৭ বছর বয়সী দুই পুরুষ এবং ৫৬ বছর বয়সী এক নারী নিহত হন। এছাড়া আহত হোন আরও ৮ জন।  শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা।

 

এদিকে হামলার দায় স্বীকার করে শনিবার একটি বিবৃতি দিয়েছিল ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ প্রদান করেনি এবং হামলাকারীর সাথে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তা স্পষ্ট নয়।

ছুরিকাঘাত বা গুলির ঘটনা জার্মানিতে খুব কমই ঘটে থাকে। জার্মান সরকার প্রকাশ্যে কী ধরনের ছুরি বহন করা যাবে তা নিয়ে নিয়ম কঠোর করার কথা ভাবছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.