ছাত্র সংগঠনগুলোর সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির বৈঠক/জাগো নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, ছাত্রশিবিরের রাজনীতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার রাখা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনসহ বেশ কয়েকটি এজেন্ডাকে সামনে রেখে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটি।

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়। রাত সোয়া ১০টা পর্যন্ত বৈঠক চলে।

 

বৈঠকে জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রীসহ বেশ কয়েকটি বামপন্থি সংগঠন এবং ইসলামী ছাত্র সংগঠনগুলোর মধ্যে ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসসহ বিভিন্ন সংগঠনের ৩৬ জনের বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

লিয়াজোঁ কমিটির পক্ষে কমিটির সদস্য মাহফুজ আবদুল্লাহ, নাসির আব্দুল্লাহ এবং আরিফুল ইসলাম আদিব উপস্থিত ছিলেন। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং বেশ কয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন।

 

বৈঠক সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবির রাজনীতি করতে পারবে কি না এ নিয়ে শুরুতে আলোচনা হয়। অধিকাংশ সংগঠন এর পক্ষে মত দিলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই এই আলোচনা শেষ হয় এবং পরে এটা নিয়ে আবারও বসার কথা জানানো হয়। বৈঠকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস থাকবে কি না বা জাতীয়ভাবে পালন করা হবে কি না, এই ব্যাপারে আলোচনা হয়।

বৈঠকের এজেন্ডাগুলোর মধ্যে অন্যতম ছিল, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামের এই ব্যানারটি এখন রাখা হবে নাকি বিলুপ্ত ঘোষণা করা হবে। এ ব্যাপারে চলমান সংকট যেহেতু এখনো পুরোপুরি সমাধান হয়নি, তাই চলমান সংকট সমাধানের লক্ষ্যে আপাতত ব্যানারটি চলমান থাকবে বলে সিদ্ধান্ত হয়। এই ব্যানারে সব ছাত্র সংগঠন যেভাবে শুরু থেকে আন্দোলন করেছে সেভাবেই সংকট সমাধান পর্যন্ত কাজ করবে। তবে সেক্ষেত্রে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবার সঙ্গে আলোচনা করতে হবে- এমন শর্তে রাজি হয় ছাত্র সংগঠনগুলো।

এছাড়াও বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে কি না সে বিষয়েও আলোচনা হয়। তবে অন্যসব বিষয়ে দীর্ঘ আলোচনার ফলে এই বিষয়টিও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। তবে পরে এ বিষয়ে আবারও বসা হবে বলে বৈঠক সূত্র জানিয়েছে।

 

গত ৫ আগস্ট সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি লিয়াজোঁ কমিটি গঠন করে। পরে এই কমিটির পরামর্শে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নির্বাচনসহ যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়। নতুন সরকার শপথ গ্রহণের পর সরকারের সঙ্গে শিক্ষার্থী ও সাধারণ জনতার বিভিন্ন বিষয়ে সমন্বয় ও শিক্ষার্থীদের দাবি-দাওয়া সরকারের কাছে পৌঁছে দিতেই মূলত মাহফুজ আব্দুল্লাহর নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। সুত্র : জাগো নিউজ ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.