কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস হাজির হয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন তিনি।
ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ড. ইউনূস শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তার যত কাজই থাকুক না কেন মামলার ধার্য তারিখে তিনি যথাসময়ে উপস্থিত থাকেন।
গত ২৩শে মে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ড. ইউনূসের জামিন ৪ঠা জুলাই পর্যন্ত বাড়ানো হয়।
গত ২৮শে জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে ড. ইউনূসসহ চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একইসঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করে শ্রম আদালতের দেয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

