‘শুধুমাত্র দোয়ায় খালেদা জিয়া মুক্ত হবেন না’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা কয়েক দিন পরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি। হ্যাঁ, দোয়া করা ভালো। তবে এটি রাজনীতির অংশ নয়; ধর্মের অংশ। ধর্মের অংশ হিসেবে দোয়া করব, রাজনীতির অংশ হিসেবে আমাদের কিছু দাওয়াও লাগবে। শুধুমাত্র দোয়ায় অথবা রাজনৈতিক দাওয়াবিহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন না। বিষয়টি মাথায় রাখতে হবে।’

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত দোয়া-মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

যুবদলের নতুন কমিটির নেতাদের উদ্দেশে মির্জা আব্বাস বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার ক্ষমতায় এসেছেন, ততবারই যুবদলের একটা বলিষ্ঠ ভূমিকা ছিল। ওই সময়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আমাদের সফলতা হচ্ছে- আমরা সবাইকে নিয়ে কাজ করেছি। আমাদের সঙ্গে অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠন, মূল দল বিএনপিও ছিল। সবাই আমরা মিলেমিশে কাজ করেছি। আমাদের একে-অপরের প্রতি আস্থা ও বিশ্বাস ছিল।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমরা আন্দোলন করে দেশনেত্রীকে তিনবার ক্ষমতায় এনেছি। জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটির নেতাদের কাছে আমাদের প্রত্যাশা- তারা দলকে এগিয়ে নেবে। তাদের জন্য নতুন পরীক্ষা- দলকে এগিয়ে নেওয়া, ক্ষমতায় নিতে পারা, এই দেশ, দেশের গণতন্ত্রকে মুক্ত করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা।’

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ মিলাদ মাহফিলেরে আয়োজন করে যুবদল। ছবি: আমাদের সময়

মির্জা আব্বাস বলেন, ‘যুবদলের নতুন কমিটির সর্বপ্রথম কাজ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। এখন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন নতুন কমিটি হচ্ছে, সবারই এটা প্রথম কাজ।কারণ, এই কমিটি একটি আশা নিয়ে করা হয়েছে। কাউকে পদ-পদবি বেচা-কেনার জন্য দেওয়া হয়নি। একটা আশা নিয়ে দেওয়া হয়েছে যে, এ কমিটি এই দলকে নতুন জীবন দেবে।’

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পরিচালনায় মিলাদ মাহফিলে আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ, সাইফুল আলম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, রফিকুল আলম মজনু, আমিনুল হক, যুবদলের রেজাউল কবির পল, বিল্লাহ হোসেন তারেক, কামরুজ্জামান জুয়েল, নুরুল ইসলাম সোহেল প্রমুখ। সুত্র, আমাদের সময় ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.