সম্প্রতি বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে দিল্লির কেন্দ্রীয় সরকারের কাছে নালিশ জানিয়েছিল বাংলাদেশের হাসিনা সরকার। এদিকে একই সঙ্গে কেরলের বাম সরকার আবার ‘বিদেশ সচিব’ নিয়োগ করেছিল। এহেন পদক্ষেপে বেজায় ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকার। সরাসরি রাজ্যগুলিকে এই নিয়ে বার্তা দিয়ে বলা হল, ‘অন্য কোনও দেশ বা বৈদেশিক কোনও বিষয় নিয়ে পদক্ষেপ করার কোনও অধিকার নেই কোনও রাজ্য সরকারের।’ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কেরল এবং বাংলার মতো রাজ্যগুলির বিদেশ নিয়ে ‘মাথা ঘামানো’ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারতের সংবিধানের সপ্তম তফসিলের প্রথম তালিকার ১০ নম্বর আইটেমে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিদেশ সংক্রান্ত সমস্ত বিষয় এবং অন্য কোনও দেশের সঙ্গে সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের সমস্ত বিষয়ের ক্ষেত্রে একমাত্র ভারত সরকারের অধিকার আছে।’ বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন, ‘অন্য কোনও দেশ বা বৈদেশিক কোনও বিষয় নিয়ে পদক্ষেপ করার কোনও অধিকার নেই কোনও রাজ্য সরকারের। সংবিধান সেই অধিকার কোনও রাজ্যকেই দেয়নি। বিষয়টি একান্তভাবে ভারত সরকারের হাতে আছে। তাই অহেতুক বৈদেশিক বিষয় নিয়ে কোনও রাজ্যের নাক গলানোর কোনও প্রয়োজন নেই। এই বিষয়টি যৌথ তালিকায় নেই। আর নিশ্চিত ভাবেই রাজ্যের তালিকাতেও নেই। তাই এই বিষয় নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়।’
এদিকে বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকার একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে ভারত সরকারকে। আমাদের অবস্থানটা স্পষ্ট, সাংবিধানিক এক্তিয়ারের বাইরের কোনও বিষয় নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়।’ উল্লেখ্য, সম্পরতি এক আইএএস আধিকারিককে রাজ্যের ‘বিদেশ সচিব’ হিসেবে নিয়োগ করেছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এই বিষয়টি নিয়ে জোর বিতর্ক শুরু হয়। সেই বিতর্কের মাঝেই আবার প্রতিবেশী বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে মুখ খুলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কোনও অসহায় বাংলাদেশি পশ্চিমবঙ্গে এলে তাঁদের আশ্রয় দেওয়া হবে।’ এই দু’টো ঘটনাই কেন্দ্রীয় সকারের খুব একটা ভালো লাগেনি। এবং তারা সেটা এবার স্পষ্ট করে দিল। সুত্র, হিন্দুস্তান টাইমস ।