ফ্রান্সে বিগত বেশ কয়েক বছর ধরে অভিবাসীদের নানা সমস্যা নিয়ে বেশ কিছু সংগঠন আন্দোলন করে আসছে। ইতিমধ্যে ফ্রান্সের বিভিন্ন বড় শহর যেখানে বিপুল সংখ্যক অভিবাসীরা বসবাস করেন সেখানে ধারাবাহিক ভাবে তাদের অধিকার আদায়ে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এবার সেই ধারাবাহিকতায় যুক্ত হলো সাংস্কৃতিক কর্মীরা।

অভিবাসীদের কাজের ক্ষেত্রে নানা সমস্যা নিয়ে জুলিয়েন ম্যাকিওর রচনা এবং ম্যাক্সিম সাজেলির নির্দেশনায় একটি মূল ধারার ফরাসি নাটক মঞ্চায়িত হচ্ছে প্যারিসের বিভিন্ন হলে। নাটকটির নাম “লা আভনতাজ অত কোলখ কন্দিসিঁও ইউমাইন দ্য অবখি স্য পাপিয়ে” (The advantageous and high in color inhuman condition of a paperless worker)। এই নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্সের সদস্য ও ফরাসি মূল ধারার মঞ্চ নাটকে নিয়মিত কাজ করা একমাত্র বাংলাদেশী মঞ্চ কর্মী সোয়েব মোজাম্মেল। নাটকটিতে সোয়েব মোজাম্মেল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুবাকার, আমিন, ডেম্বা, ফোদি, হাসান, জেলেনা, লুই, মামাদু, সালিহা, টিক্লেয়ার সহ প্রায় ১৫ জন মঞ্চ কর্মী।

ফরাসি মঞ্চের নিয়মিত অভিনয়শিল্পী সোয়েব মোজাম্মেলের চমৎকার অভিনশৈলীর ভূয়শী প্রশংসা করেন উপস্থিত দর্শকরা। এছাড়াও অভিবাসনের কঠোর নীতির বিরুদ্ধে সাংস্কৃতিক সংগঠনের এমন সোচ্চার ভূমিকা শহরের বিভিন্ন ভাষাভাষী অভিবাসীদের মাঝে ব্যাপক সারা ফেলে।
নাটকের মূল ভাবনা ও বিভিন্ন দিক তুলে ধরে নাট্যকর্মী সোয়েব মোজাম্মেল বলেন, ফ্রান্স মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল অন্যতম রাষ্ট্র হলেও এখানে অনিয়মিত অভিবাসীরা বিভিন্ন বঞ্চনা শিকার হয়ে অমানবিক জীবন-যাপন করে। এখানে প্রচুর কাজের ক্ষেত্র থাকালেও বৈধতা ছাড়া কাজ করা খুবই কঠিন। এই সুযোগে মালিকরা কম টাকা দিয়ে বেশি কাজ করতে বাধ্য করে। তাছাড়া এখানে স্থায়ীভাবে বসবাস করতে হলে কঠোর আইনের গ্যাড়াকলে পড়তে হয়। বিশেষ করে বিভিন্ন পর্যায়ে ফরাসি ভাষা শিক্ষার বিভিন্ন লেভেল বাধ্যতামূলক করার নিয়ম চালু হচ্ছে। যা কম লেখাপড়া জানা অভিবাসীদের জন্য খুবই কষ্টদায়ক। এসব বিষয়কে উপজীব্য করেই মূলতঃ আমাদের এই পরিবেশনা।

৭ জুন থেকে শুরু হওয়া এ নাটকটি ৮ জুন অবারভিলিয়ে এবং ১২ জুন মন্ট্রাইলের পৃথক দু’টি হলে প্রদর্শিত হবে।
রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

