বিপাকে ঋষি সুনাক : নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৭৮ ব্রিটিশ এমপি

নির্বাচনের আগে বড় ধরনের বিপদে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভোটের আগে তার দলের ৭৮ জন এমপি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন কয়েকজন।

যুক্তরাজ্যের আইন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে সাধারণ নির্বাচন সম্পন্ন করতে হবে। কিন্তু সুনাকের কনজারভেটিভ পার্টির মধ্যেই দাবি উঠছিল, নির্বাচন সময় পিছিয়ে দেয়া হোক। কারণ, গত কয়েক মাসে দলটির নেতাদের প্রতি ভোটারদের আস্থা প্রায় তলানিতে এসে ঠেকেছে।

একের পর এক জরিপে দেখা গেছে, ব্রিটিশ রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করতে পারে কনজারভেটিভ পার্টি। এমন পরিস্থিতিতে নির্বাচন হলে হার অবধারিত বলেই মত দিয়েছে দলের একটি বড় অংশ। কিন্তু দলের মত কার্যত উড়িয়ে দিয়েই দ্রুত নির্বাচনের ঘোষণা দিয়েছেন ঋষি সুনাক।

সুনাক জানিয়েছেন, আগামী ৪ জুলাই হবে দেশটির সাধারণ নির্বাচন। সেখানে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি।

দলীয় মতের ‘বিরোধিতা’ করে দ্রুত নির্বাচনের ঘোষণায় তিনি বলেন, যুক্তরাজ্যের ভবিষ্যৎ বেছে নেয়ার সময় এসেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবি, তার নেতৃত্বেই আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবে দেশ।

তবে নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই একের পর এক কনজারভেটিভ এমপি জানিয়ে দেন, আসন্ন নির্বাচনে তারা লড়তে চান না। এই তালিকায় রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে, সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস, সাবেক চ্যান্সেলর নাদিম জাহাউই ও সাজিদ জাভিদের মতো নেতারা।

সূত্র : গার্ডিয়ান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.